একটা রুমে ১৮টি বাংক বেড, দেয়াল রাঙানো বাসন্তী রঙে। বেডগুলোর সঙ্গে আছে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার কেবিনেট। আছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। ঘরটা নারীদের জন্য। দুইরাত এই ঘরে থাকতে হলে একজন নারীকে গুনতে হবে সর্বনিম্ন ৭১ টাকা। নারীদের আবাসন সমস্যা খানিকটা দূর করতে এবং তাদের নিরাপত্তা দিতে রাজধানীর পল্লবীতে এভাবেই তৈরি হচ্ছে ‘বাসন্তী নিবাস’। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এটি চালু হবে বলে জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা।
উদ্যোক্তারা জানান, ঢাকা শহরে কিংবা অন্য যে কোনও শহর এলাকায় একজন নারী শিক্ষার্থী পরীক্ষা দিতে কিংবা চাকরির সন্ধানে বা কাজে এলে তাকে আবাসন সমস্যায় পড়তে হয়। শহরে পরিচিত বা আত্মীয়-স্বজন থাকলে খুব একটা সমস্যা হয় না বটে তবে সবার এমন সুবিধা থাকে না। যার পরিচিত কেউ নেই বা যিনি স্বেচ্ছায় আত্মীয়-স্বজনদের বাসায় উঠতে চান না তেমন নারীদের অনেক শঙ্কা মাথায় নিয়ে উঠতে হয় আবাসিক হোটেলে। আর বসবাসের সময়টা একটু বেশি হলে নিরাপত্তার কথা চিন্তা করে অনেকেই আবাসিক হোটেলে না গিয়ে হোস্টেল বেছে নেন। সেখানেও গুনতে হয় অতিরিক্ত অর্থ। কারণ হোস্টেলের ভাড়া মাসিক চুক্তিতে দিতে হয়। নারীদের আবাসনের এমন সংকট দূর করতে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ‘বাসন্তী নিবাস’ তৈরি করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন